নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড.হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ‘আশা করছি ঘুরে দাড়াবে পুঁজিবাজার’। পুঁজিবাজারের টেকসই উন্নয়নে পরিকল্পনা ও সরকারের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (০৬ জুন, ২০২৩) রাজধানীর একটি হোটেলে ডিএসইর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাজার হবে সরকারের অর্থের মূল কেন্দ্র। এটিকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পুঁজিবাজারে আস্থাহীনতা মূল সমস্যা বলে উল্লেখ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, লভ্যাংশের উপরেও দ্বৈত কর রয়েছে। আমরা চাই, উৎসে করকে যেন চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হয়। প্রস্তাবিত বাজেটে কোম্পানির ভ্যাট হার কমানোসহ সাতটি প্রস্তাব পুনর্বিবেচনা আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
ডিএসইর চেয়ারম্যান বলেন, আমরা কথায় নয়, কাজ করে সেরা হতে চাই। কাজ করে দেখাতে চাই। ডিএসই নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। মানুষের স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এসব কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা যেমন লাগবে তেমনি সাংবাদিকদের সহায়তা লাগবে।
আমরা বাজেট নিয়ে হতাশ নই মন্তব্য করে তিনি বলেন, আমরা পুঁজিবাজারবান্ধব কিছু পদক্ষেপ চাই। যাতে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।
অনলাইন ডেস্ক 






















