বিপিএলে লিগ পর্বের খেলা শেষ হয়ে গেছে দুদিন আগে। এক দিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সুপার ফোরের খেলা। এই পর্বটি মোটামুটি রোমাঞ্চকর হয়ে থাকে। পুরো বিপিএলে কী হলো-না হলো, তা ভুলে গিয়ে সমর্থকরা উপভোগ করেন নকআউটের খেলা। আজ সুপার ফোরের দুটি ম্যাচই হাইভোল্টেজ হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথম কোয়ালিফায়ারের চেয়েও বেশি ফোকাস থাকবে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচটি খেলবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এ ছাড়া এই ম্যাচের পরাজিত দল বিপিএল থেকে বিদায় নেবে। কাগজে-কলমে এবারের সেরা দল রংপুর রাইডার্সের বিদায় দেখতে চাইবেন না সমর্থকরা। সিলেটের মানুষও জয় চাইবেন প্রিয় দলের জন্য।
রংপুর আগে থেকেই কৌশল নিয়েছে এলিমিনেটর বা কোয়ালিফায়ার ম্যাচের জন্য নতুন করে খেলোয়াড় না আনার। তাই লিগের প্রথম থেকেই বিদেশি তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে দলটি। প্রয়োজনের চেয়েও বেশি বিদেশি ক্রিকেটার ছিল রংপুরের। দেশি ক্রিকেটাররাও ছন্দ ফিরে পেয়েছেন। কোচ মিকি আর্থার সেরা একাদশ বেছে নেওয়ার পাশাপাশি অধিনায়ক বেছে নিয়েছেন লিটন কুমার দাসকে। ফলে শেষ দুই ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় নিয়ে টেবিলে তৃতীয় স্থান পেয়েছে।
ডেভিড মালানের সঙ্গে তাওহীদ হৃদয় ওপেনিং ভালো করছেন। আজকের ম্যাচেও ধারাবাহিকতা রাখার চেষ্টা থাকবে হৃদয়দের। লিগের শেষ দিন ম্যাচ খেলায় গতকাল বিশ্রামে ছিলেন তারা। আজ চনমনে হয়ে খেলতে নামবে এলিমিনেটর ম্যাচে। সিলেট টাইটান্স বিদেশি শক্তি বাড়িয়েছে। ক্রিস ওকস ও স্যাম বিলিংসের মতো বিদেশি ক্রিকেটার এনেছে তারা। যদিও ম্যাচের আগে বিদেশ থেকে ক্রিকেটার উড়িয়ে এনে খুব বেশি লাভ হয় না। মিরপুরের কন্ডিশন বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে যায়। তারকা ক্রিকেটার দলে থাকার একটা সুবিধা থাকে। প্রতিপক্ষ গেম প্ল্যানে তারকাদের জন্য আলাদা মনোযোগ দেয়। এ কারণেই কোচ সোহেল ইসলামের দলে নকআউট গেমে বিদেশি আনা। কোয়ালিফায়ার ম্যাচটি খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এ দুটি দল লিগ পর্বে দারুণ ক্রিকেট খেলেছে। এবারের বিপিএলে সবচেয়ে ধারাবাহিক রাজশাহী। দেশি ক্রিকেটারদের ওপর নির্ভর করা চট্টগ্রামও দারুণ দল।
অনলাইন ডেস্ক 

























