বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্যাডেল টেনিসে গুলশান ক্লাব দারুণ পারফরম্যান্স করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম, আর চট্টগ্রাম ক্লাবের হয়ে গোল করেন সাগর।
শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারণে না হওয়ায় ড্র হিসেবে শেষ হয়। একই সঙ্গে একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে। বসুন্ধরা স্পোর্টস সিটি ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এমন বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।
অনলাইন ডেস্ক 
























