ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এ ছাড়া ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সোমবার মাদারীপুরের বড়বাড্ডা গ্রামের রূপচাঁদ খান মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
একই দিন বাঘাডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন কয়েকজন বাংলাদেশি। খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিদের বাড়ি যশোরের শার্শা থানা এবং ঢাকা জেলার উত্তরখান থানা এলাকায়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 
























