নিউজ ডেস্ক: বিএনপিপন্থি আইনজীবীদের নানা অভিযোগের পরও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। সমিতির অডিটোরিয়ামে আওয়ামীপন্থি সাদা প্যানেলের সমর্থকরা ভোটে অংশগ্রহণ করেছেন।
অপরদিকে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে অডিটোরিয়ামের বাইরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
অ্যাডভোকেট মনিরুজ্জামান খানের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির ঢাকা পোস্টকে বলেন, দুপুর পৌনে ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল ঢাকা পোস্টকে বলেন, এ নির্বাচন পরিচালনা কমিটির অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি।
আজ সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অডিটোরিয়ামে প্রবেশ করে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে বের করে দেন। পুলিশের লাঠিচার্জে বিএনপির প্রায় ১৫ জন আইনজীবী এবং ১০ জন সাংবাদিক আহত হন।
অনলাইন ডেস্ক 






















