টানা ৭ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার ফের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। ঈদের ছুটির আগের পাঁচ কর্মদিবস শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী ছিল। ছুটির পর লেনদেনের প্রথম দিনে শুরু থেকে সেই ঊর্ধ্বমুখী ধারা বজায় আছে।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৪.৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৫৩৭০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। ঈদের ছুটির আগের টানা পাঁচ দিনে ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বেড়ে ছিল।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়। এ সময় ১২৯টির দর হারিয়ে এবং ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল।
দিনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৩৭ কোটি টাকা। এ সময় মোট ১ লক্ষ ১০ হাজারের বেশি ট্রেড সম্পন্ন হয়। খাতভিত্তিক লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে-বস্ত্র, ওষুধ ও রসায়ন, প্রকৌশল এবং ব্যাংক খাতে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ ও দর বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মে মাসের মাঝামাঝি থেকে বাজার শক্তিশালী অবস্থানে ফিরতে শুরু করে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে বাজারের আজকের এই ইতিবাচক প্রবণতা ঈদের আগের ধারাবাহিক উত্থানের প্রতিফলন বলে মনে করছেন বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা।
বিশেষত দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা শেষে নতুন সরকার প্রথম জাতীয় বাজেটে শেয়ারবাজারে গতি ফেরাতে প্রণোদনামূলক কিছু পদক্ষেপ রাখবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।
অনলাইন ডেস্ক 






















