একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুই দিন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত অন্তত দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ মজুত থাকবে।
রোববার স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব অধিদপ্তর, দপ্তর ও সংস্থার ভবনে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে দেশের সব স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চিকিৎসা ক্যাম্প স্থাপনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োজিত থাকবে।
এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সমন্বয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অনলাইন ডেস্ক 























