প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের বৈঠক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক হওয়ার কথা ছিল। ট্র্যাসি অ্যান জ্যাকবসন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার বৈঠকটি স্থগিত করেছে মার্কিন দূতাবাস। ওই সময় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন সংলগ্ন আগারগাঁও মোড় অবরোধ করায় নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি স্থগিত করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ইসির সঙ্গে প্রথমবারের মতো মার্কিন দূতের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা ছিল।
অনলাইন ডেস্ক 























