চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্থানীয় সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’। শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনটির সম্মানিত প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রথম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এস. এম. মফিজুর রহমান। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধন-১২’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
এজিএমে সংগঠনের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের অনুরোধ ও সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস. এম. মফিজুর রহমানকে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ আরও জোরদার করা এবং ইউনিয়নের মানুষের কল্যাণে নতুন নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত সদস্যরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ‘বন্ধন-১২’ এলাকার শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। সংগঠনটির বিভিন্ন ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সভায় জানানো হয়, নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম সংগঠনের সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে শিগগিরই ঘোষণা করা হবে।

‘বন্ধন-১২’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পুনর্নির্বাচিত সভাপতি এস. এম. মফিজুর রহমান বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে ‘বন্ধন-১২’ আগামী দিনে পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক 
























