লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নং ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপরে সোলাখালি নামক স্থানে দীর্ঘ প্রায় ৪০ মিটার ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবহেলায় পড়ে আছে ব্রিজটি। অল্প করে ভাঙতে ভাঙতে আজ একেবারে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ব্রিজ নয় যেন এটি কোনো মরণ ফাঁদ।
তবে সবকিছু জেনেও প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার যানবাহন এই সেতু দিয়ে চলাচল করছে। উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের মধ্যে রায়পুর-হায়দারগঞ্জ সড়কটি অন্যতম। প্রতিদিন এই সড়ক দিয়ে বাস, পণ্যবোঝাই ট্রাক-পিকআপ ভ্যানসহ নানা ধরনের গণপরিবহন চলাচল করে। সংখ্যার হিসেবে যা কয়েক হাজার হবে। এই সড়কের সোলাখালি ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে। ব্রিজের দুই পাশের রেলিংয়ের বেশ কিছু অংশ খসে পড়েছে বহু আগেই।
ব্রিজটি কবে নাগাদ মেরামত করা হবে তার কোনো সদুত্তর দিতে পারেনি উপজেলা এলজিইডি কর্মকর্তারা। ব্রিজের উপরের ঢালাই ধ্বসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন এই ব্রিজ দিয়ে নিয়মিত চলাচল করছে যার ফলে ব্রিজ দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও মটমট করে কাপতে শুরু করে ব্রিজটি।
চরম সমস্যা হচ্ছে জণসাধারনের চলাচলেও। পায়ে হেঁটে চলতেও ভয় পায় কখন ব্রিজ ধসে পড়ে যায়। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই উপজেলার গুরুত্বপূর্ণ ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মেরামতের কোনো উদ্যোগ নেই। যেকোনো সময়ই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। শিশুদেরকে নিয়ে আমাদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। এ ব্যাপারে রায়পুর উপজেলা এলজিইডি কর্মকর্তা সুমন মুন্সি বলেন, ব্রিজটি সংস্কারের কাজ যাতে দ্রুত করা যায় সে ব্যাপারে জোর চেষ্টা চলছে।
অনলাইন ডেস্ক 
























