ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, ১২০ শতাংশ নিশ্চিত। তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণের বিষয়ে জানতে চাইলে ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।
দুই দেশের সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও প্রাধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অনেক কিছু সমাধান হবে বলেও আশা করেন ভারতীয় হাই কমিশনার।
দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’ তার মতে, ‘দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।
অনলাইন ডেস্ক 













