বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর অংশ হিসেবে প্রথম দিনেই ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ চেক বিতরণ কার্যক্রম চলে। বিনিয়োগকারীদের সুবিধা এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চেক বিতরণ করা হয়।
ডিএসই জানিয়েছে, আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একই সময়সূচিতে মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। ডিএসইর মতে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, যাচাইকৃত পাওনা ফেরত দেওয়া এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।
চেক গ্রহণকারী এক বিনিয়োগকারী জানান, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর তার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরে ডিএসইর নিয়ম অনুযায়ী তিনি আবেদন করেন। যাচাইকৃত প্রাপ্য অর্থের সম্পূর্ণ চেক হাতে পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসি, ডিএসইসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরেক বিনিয়োগকারী বলেন, আবেদন করার পর ডিএসইর সহযোগিতার মাধ্যমে তিনি তার পাওনা অর্থের চেক পেয়েছেন। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েনের মধ্যে পাওনা অর্থ ফেরত পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই আইনের আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পরিশোধ করা হবে।
এর মাধ্যমে যাচাইকৃত দাবির বিপরীতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসই।
অনলাইন ডেস্ক 




















