হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা বর্তমানের তুলনায় দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান উন্নয়নে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা চালু হলে বিমানবন্দর এলাকায় যানজট অনেকটাই কমে আসবে।
তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত বড় কোনো সমস্যা নেই। প্রয়োজনীয় রিপিটার স্থাপন করা হলে মোবাইল নেটওয়ার্ক কাভারেজ আরও উন্নত হবে।
এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ দীর্ঘদিন বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 
























