ডিভিডেন্ড সংক্রান্ত বিধি অনুসরণ না করায় বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়সীমার মধ্যে ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএসইসি ও ডিএসইর লিস্টিং রেগুলেশন অনুযায়ী, ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন হওয়ার সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। কোম্পানির গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। বিধি অনুযায়ী এক মাসের মধ্যে ডিভিডেন্ড বিতরণ শেষ করে পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি সেই শর্ত পূরণ করতে পারেনি।
ডিএসই সূত্রে জানা যায়, ফেনীতে অবস্থিত দুলামিয়া কটনের উৎপাদন কার্যক্রম ২০২০ সালের ১৪ জুন থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি ২২ লাখ টাকা নিট মুনাফা ও ২৯ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৭ লাখ টাকা এবং ইপিএস ছিল ২৩ পয়সা।
কারখানা বন্ধ থাকার পরও মুনাফা দেখানো এবং একই সঙ্গে শেয়ারদরের অস্বাভাবিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গত ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৪ টাকা ৪০ পয়সা, যা সোমবার বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫০ পয়সায়। উৎপাদন কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় দরবৃদ্ধি ও বিধিমালা লঙ্ঘনের ঘটনায় বাজারসংশ্লিষ্টরা কোম্পানিটির ওপর বাড়তি তদারকির দাবি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক 























