দীর্ঘ প্রতীক্ষিত সুবাতাস বইতে শুরু করেছে দেশের পুঁজিবাজারে। সূচক ও লেনদেনে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে দর বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়, যা দিনশেষেও বজায় ছিল। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্টে। সূচকের এই অবস্থান গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ৯ অক্টোবর সূচকটি ৫ হাজার ২৮৩ পয়েন্টের ঘরে ছিল।
প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরিয়াহ সূচক (ডিএসইএস) ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক (ডিএসই-৩০) ২০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
এদিন ডিএসইতে মোট ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে ৭ অক্টোবর বাজারটিতে ৭৮৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৫৬ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে আজ লেনদেন হয়েছে ৮ কোটি ৭১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা বেশি।
বিশ্লেষকদের অভিমত- বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রায় ১৭ বছর বাজার দরপতনের মধ্যে থাকলেও রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকারের অধীনে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বাজারের এই ইতিবাচক ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং পুঁজিবাজার তার হারানো গতি ফিরে পাবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক 






















