এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম।
মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরি, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরি, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্না, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমন প্রমুখ।
ধারাবাহিক নাটকটির কাহিনি গড়ে উঠেছে ৭ কিলোমিটার আয়তনের ১টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণীর, ভিন্ন ভিন্ন পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। এই জনপদে পদে পদে বিপদ। একদা গ্রামটির নাম ছিল পরাণপুর কাল পরিক্রমায় এখন লোকে ডাকে পেইনপুর বলে। এই পরাণপুরে মানুষের তুচ্ছ কারণেই চুন থেকে পান খসলে গ্যাঞ্জাম বাধে। এই মানুষগুলোর জীবনে একটি অন্যরকম মোচড় আসে যখন বয়স্কা আয়নাল বিবির ছোটকালে হারিয়ে যাওয়া সন্তান সুরুজ ৩০ বছর পর নিজ গ্রামে ফিরে আসছে এই খবরে। বেশি অস্থিরতা তৈরি হয় গ্রামের তিন ফ্যামিলির মধ্যে, যাদের এতদিন চোখ ছিল বৃদ্ধা আয়নাল বিরির ভিটি আর জমি-জমার উপর। এই সম্পত্তির লোভেই এতদিন তারা বৃদ্ধাকে দেখাশোনা করতো। সংগত কারণেই দীর্ঘদিন পর সুরুজের ফিরে আসার খবরে তাদের মধ্যে দুশ্চিন্তা ভর করে আবার কৌতূহলও তৈরি হয়। কিন্তু সুরুজের উদ্ভট অবস্থা দেখে সবার অবস্থাই খারাপ। সবাই খুব হতাশ। কিন্তু আঁতেল ফ্যামিলির ছেলে সুরুজের বাল্যবন্ধু সিরিয়াস কাঞ্চন বিষয়টা সিরিয়াসলি নেয়। গ্রামের অনেক বয়োবৃদ্ধ যারা ছোটবেলায় সুরুজকে দেখেছে, তারাও কল্পনার শক্তিতে হাতুড়ে ডাক্তারের মতো হাতিয়ে হাতিয়ে সুরুজের চুল কান দেখে বলে এই-ই সুরুজ। তবুও সিরিয়াস কাঞ্চন ছোটবেলায় সাঁতার খেলার সময় কাঁটার আঘাতে সুরুজের রানের উপরের অংশে সেই আঘাতটা আছে কিনা, তা পরীক্ষা করার জন্য সারাক্ষণ সুরুজের পিছনে ঘুর ঘুর করে। এগিয়ে যায় গল্প।
নাটকটি প্রসঙ্গে শামস করিম বলেন, ‘বর্তমান সময়ের পটভূমিতে রচিত “ ৭ কিলো ১ গ্রাম ” ধারাবাহিক নাটকটির কাহিনি গড়ে উঠেছে ৭ কিলোমিটার আয়তনের ১ টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণীর, ভিন্ন ভিন্ন পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংষ্কারকে কেন্দ্র করে। নাটকটি হাস্যরসাত্মক হওয়ায় দর্শক ষোল আনা যেমন বিনোদিত হবে, সেই সাথে প্রতি মুহূর্তের নাটকীয়তায় সে আকৃষ্ট হবে। গল্পটি গ্রামীণ আবহে একটি সামাজিক নাটক হিসেবে গণ্য হবে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।
নাট্যকার জুয়েল এলিন বলেন, “৭ কিলো ১ গ্রাম ” নাটকটি বর্তমান আবহে রচিত। এখানে মানুষের জীবনের প্রতিটি পর্যায় আমরা ধাপে ধাপে দেখতে পাবো। গল্পটি মানুষের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, হাসিকান্না, ঝগড়া-বিবাদ, আত্মকলহ-আত্মসমালোচনা, প্রেম-ভালবাসা, বিরহ-বেদনা, মায়া-মমতা, আত্মীয়তা-শত্রুতা, দ্বন্ধ-বন্ধুতা, সংবাদ-অসংবাদ, সামাজিক অবক্ষয়, তা থেকে প্রতিকারের চেষ্টা সবই গুচ্ছ গুচ্ছ আকারে আবদ্ধ একটি দৃশ্য মালায়। ধারাবাহিক নাটকটিতে সব মানুষই তার জীবনের কোন না কোন অংশের ছায়া খুঁজে পাবে।
অনলাইন ডেস্ক 

























