আনিস রহমান : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র বরিশাল। এই অঞ্চলটি কেবল শস্য-শ্যামল ভূমির জন্য পরিচিত নয়, এটি দেশের সবচেয়ে সমৃদ্ধশালী নদীমাতৃক এলাকাগুলোর মধ্যে অন্যতম। পদ্মা, মেঘনা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, সন্ধ্যা, সুগন্ধার মতো অসংখ্য নদ-নদী আর বিস্তীর্ণ সবুজে ঘেরা বরিশাল অঞ্চল পর্যটন শিল্পের জন্য এক অপার সম্ভাবনাময় ভূমি। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলে এখন দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই এই অঞ্চলে পৌঁছানো যায়। আজ থেকে বিশ বছর আগেও যেখানে বারবার যানবাহন পরিবর্তন করে নৌকায় চড়ে গন্তব্যে পৌঁছাতে হতো, এখন সেখানে ফেরির বদলে অসংখ্য দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি হওয়ায় একই স্থান থেকে নিরবচ্ছিন্নভাবে যাত্রা করা সম্ভব হচ্ছে। এই পরিবর্তনই বরিশালকে পর্যটন মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
ভারতের দক্ষিণ রাজ্য কেরালা একসময় ছিল কৃষিকাজের জন্য ব্যবহৃত বড় বড় নৌকার রাজ্য। ধান-চাল গুদামজাত করে রাখা হতো এসব নৌকার ভেতরে। আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রযুক্তির প্রসারের ফলে এসব নৌকা তাদের চিরাচরিত প্রয়োজনীয়তা হারায়। হাজার হাজার নৌকা অকেজো হয়ে পড়েছিল। কিন্তু স্থানীয় একজন দূরদর্শী ট্যুর অপারেটর এই অকেজো নৌকাগুলোকেই হাউসবোটে রূপান্তরিত করার ধারণা নিয়ে আসেন। প্রাথমিকভাবে এর সংখ্যা কম থাকলেও বর্তমানে কেরালাজুড়ে সহস্রাধিক হাউসবোট পর্যটকদের বিমোহিত করছে। বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রচুর পর্যটক শুধুমাত্র এই হাউসবোটে করে কেরালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান।
কেরালার হাউসবোটগুলোতে আধুনিক সব সুযোগ-সুবিধা বিদ্যমান। দৃষ্টিনন্দন নকশা, নান্দনিক ডিজাইন, উচ্চমানের সেবা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন শত শত পর্যটকদের আকৃষ্ট করছে। সারা পৃথিবী থেকে পর্যটকরা কেরালায় এসে এই হাউসবোটে করে দিনভর ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ আবার রাত্রিযাপনও করছেন। শত শত মাইল ধরে হাউসবোটে ভেসে বেড়ানোর এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
কেরালার এই সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহত্তর বরিশাল অঞ্চলের উপকূলবর্তী এবং নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলোতে হাউসবোট চালু করা যেতে পারে। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা এবং বরিশাল জেলার অসংখ্য ছোট-বড় নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়গুলোতে এই ধরনের হাউসবোট প্রবর্তন করা সম্ভব। এটি বাংলাদেশের পর্যটন শিল্পে একটি নতুন ধারা তৈরি করবে এবং দেশের ভ্রমণপিপাসু মানুষরা নিজেদের দেশের মাটিতেই নির্মল প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের এক অনন্য সুযোগ পাবেন।
এক্ষেত্রে, বরিশালের ঐতিহ্যবাহী নৌকা যেমন, কোষা নৌকা, লম্বাতরীর মতো বিভিন্ন নৌকার ডিজাইনের অনুপ্রেরণায় আধুনিক নকশার সমন্বয়ে আকর্ষণীয় হাউসবোট তৈরি করা যেতে পারে। স্থানীয় কারিগরদের দক্ষতা এবং আধুনিক স্থাপত্যশৈলীর মিশ্রণে এমন নান্দনিক ডিজাইন উপস্থাপন করতে হবে যা দেশি-বিদেশি পর্যটকদের সহজেই আকৃষ্ট করবে।
বরিশাল অঞ্চল শুধু নদী নয়, এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান যা পর্যটকদের মুগ্ধ করবে। হাউসবোট ভ্রমণের পাশাপাশি এই স্থানগুলোও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যেতে পারে।
গুঠিয়া মসজিদ (বায়তুল আমান জামে মসজিদ), প্রায় ২৫ একর আয়তনের বিশাল সূর্য দীঘি, দিঘিটি প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখির কলরবের জন্য বিখ্যাত। ভাসমান পেয়ারা বাগান (স্বরুপকাঠী/আটঘর কুড়িয়ানা), বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারা বাগান যা বর্ষাকালে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। নৌকায় ঘুরে পেয়ারা বাগান দেখার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়। শেরে বাংলা স্মৃতি জাদুঘর (চাকহার), স্বাধীন বাংলাদেশের স্থপতি শেরে বাংলা এ.কে. ফজলুল হকের স্মৃতিবিজড়িত এই স্থানটি ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয়।
লাকুটিয়া জমিদার বাড়ি, প্রাচীন স্থাপত্য ও ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়িটি পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগের জন্য এটি বাংলাদেশের অন্যতম সেরা স্থান। ফাতরার বন (সুন্দরবনের পূর্বাংশ), সুন্দরবনের ম্যানগ্রোভ বনের একাংশ, যেখানে বন্যপ্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করা যায়।
হাউসবোটের মাধ্যমে এসব স্থানে দিনে ঘুরে বেড়ানো এবং রাতে নৌকার মধ্যেই থাকার ব্যবস্থা করা গেলে তা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ হবে। এছাড়া, স্থানীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লোকজ গান, নৃত্য ও খাবারের আয়োজন করা যেতে পারে।
এই হাউসবোট প্রকল্প এবং বরিশালকে কেন্দ্র করে পর্যটন শিল্পের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশাল সুযোগ। বরিশাল অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। নদ-নদী, খাল-বিল, সবুজে ঘেরা গ্রাম, ভাসমান পেয়ারা বাগান – এই সবকিছু মিলে পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।
বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতা দিন দিন বাড়ছে। একইসাথে, বিদেশি পর্যটকদের কাছেও নতুন নতুন গন্তব্যের চাহিদা রয়েছে। হাউসবোট এই চাহিদা পূরণে সক্ষম। পদ্মা সেতু এবং বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পর্যটকদের যাতায়াত অনেক সহজ হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
হাউসবোট একটি উচ্চমূল্যের পর্যটন পণ্য হতে পারে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল আয় অর্জন করা সম্ভব। নদীভিত্তিক পর্যটন তুলনামূলকভাবে পরিবেশবান্ধব। আধুনিক হাউসবোটগুলো পরিবেশ সুরক্ষার বিষয়টিও মাথায় রেখে তৈরি করা সম্ভব। এই প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি মনে করি, যে সকল তরুণ উদ্যোক্তা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য এই খাতে রয়েছে অপার সম্ভাবনা। প্রথমে ভালোভাবে বাজার গবেষণা করুন। কেরালার মডেল অনুসরণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন হাউসবোট উপযোগী হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন।
নকশা ও উদ্ভাবন: ঐতিহ্যবাহী নৌকার ডিজাইনের সাথে আধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তি যুক্ত করে এমন হাউসবোট তৈরি করুন যা দৃষ্টিনন্দন এবং আরামদায়ক। দেশীয় উপকরণ ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করুন। প্রথম দিকে ছোট পরিসরে কিছু হাউসবোট দিয়ে শুরু করতে পারেন এবং অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।
বরিশালকে কেন্দ্র করে এই হাউসবোট প্রকল্প যদি বাস্তবতার নিরিখে বিবেচনা করে শুরু করা যায়, তবে এটি বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে। এটি কেবল ভ্রমণপিপাসু মানুষদের জন্য নতুন একটি গন্তব্য তৈরি করবে না, বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে বিনিয়োগকারী, উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন এবং বিদেশি বিনিয়োগকারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
লেখক : সিনিয়র রিপোর্টার, দেশ সমাচার।
অনলাইন ডেস্ক 

























