আর্ন্তজাতিক ডেস্ক: শতাব্দীর অন্যতম ধ্বংসাত্মক ভূমিকম্পে নিঃস্ব লোকজনের জন্য ২ দুই লাখ ৭০ হাজার ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে তুরস্ক সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে তুরস্ক সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার গ্রামীণ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কমপক্ষে দেড় হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক জেপি মর্গানের হিসাব অনুযায়ী, বাড়ি ও অবকাঠামো নির্মাণে তুরস্ক সরকারকে আড়াই হাজার কোটি ডলার খরচ করতে হবে। এদিকে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভূমিকম্পপ্রবণ তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮ হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার আট শর বেশি।
অনলাইন ডেস্ক 
























