দেশ সমাচার ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৬টি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়াগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)। একইসাথে স্বতন্ত্র পরিচালক নিয়োগ পরবর্তী কেম্পানিগুলোর ব্যবসায়িক কর্মকান্ডের অগ্রগতির প্রতিবেদন প্রতিমাসে দাখিল করার নির্দেশনা দিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৫ ফেব্রূয়ারি) ওই ১৬ কোম্পানির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্র দিয়ে জানায় শেয়ার নিউজ।
কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল মিলস, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, অগ্নিসিস্টেম, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, মুন্নু ফেব্রিক্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ফু ওয়াং ফুডস, রিং শাইন টেক্সটাইল এবং সাফকো স্পিনিং মিলস।
চিঠিতে সংস্থাটি বলেছে, গত বছরের ২২ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুসারে কমিশন কর্তৃক নিযুক্ত বা মনোনীত স্বতন্ত্র পরিচালকদের নিয়ে পরিচালিত কোম্পানিগুলোর কর্মকাণ্ডের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে কমিশনে জমা দেয়ার বিধান রয়েছে। তবে কিছু ক্ষেত্রে কোম্পানিগুলোর কাছে থেকে বিএসইসি এ ধরণের প্রতিবেদন পাচ্ছে না। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(ক) অনুযায়ী কোম্পানিগুলোকে এ চিঠি জারির ১০ কার্যদিবসের মধ্যে বিএসইসিকে অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হলো।
এছাড়া চিঠিতে গত ২২ মার্চ সংস্থাটির জারি করা নির্দেশনার ৮ নং শর্ত অনুযায়ী কোম্পানিগুলো উদ্যোক্তা বা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ধারণের অগ্রগতি, কর্মকাণ্ডের সক্ষমতা এবং ক্যাটাগরি হালনাগাদ করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করার পাশাপাশি জারি করা ৪, ৫ ও ৬ নম্বর শর্ত যথাযথভাবে পরিচালনা করার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়।
অনলাইন ডেস্ক 




















