বহুজাতিক কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের আড়ালে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে নতুন আন্তর্জাতিক কর ইউনিট (আইটিইউ) গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ইউনিটের আওতায় আনা হবে ২০১৪ সালে গঠিত ট্রান্সফার প্রাইসিং (টিপি) সেলকে।
এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সরকারি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনায় পৃথক কার্যালয় ভাড়া নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর মিলিয়ে বাংলাদেশের রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু করপোরেট কর খাতেই ক্ষতি হয়েছে প্রায় ১২০ কোটি ডলার।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে কর ফাঁকি ও মুনাফা স্থানান্তর নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করতে চায় এনবিআর।
৫০০ বিদেশি কোম্পানির লেনদেন নজরদারিতে
এনবিআরের বিভিন্ন পর্যালোচনায় বাংলাদেশে শাখা ও লিয়াজোঁ অফিসসহ অন্তত ৫০০টি বিদেশি কোম্পানির কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। ট্রান্সফার প্রাইসিং বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লেনদেনের বিবরণী (এসআইটি) জমা দেওয়ার কথা রয়েছে।
তবে গত তিন বছর ধরে বহুজাতিক কোম্পানিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক লেনদেনের বিবরণী সংগ্রহের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। নতুন আন্তর্জাতিক কর ইউনিটের মাধ্যমে এ কার্যক্রম পুনরায় সক্রিয় করার পরিকল্পনা নিয়েছে এনবিআর।
সংস্থাটির এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক কর ইউনিট গঠনের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বিদ্যমান আন্তর্জাতিক করসংক্রান্ত বিধিবিধান পর্যালোচনা করা হবে।
বিশেষ করে ট্রান্সফার প্রাইসিং কার্যকর করতে আয়কর আইনে কোনো সংশোধন প্রয়োজন কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানের বাইরে দেশীয় কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমেও মুনাফা স্থানান্তর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে।
এক ইউনিটের অধীনে আসবে বহুজাতিক কোম্পানির কর নথি
বর্তমানে দেশের ৩৩টি কর অঞ্চলে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের করসংক্রান্ত নথি সংরক্ষিত রয়েছে। এসব নথি নতুন আন্তর্জাতিক কর ইউনিটের অধীনে কেন্দ্রীভূত করার পরিকল্পনা করছে এনবিআর।
বহুজাতিক প্রতিষ্ঠানের একটি বড় অংশের করসংক্রান্ত নথি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অধীনে থাকলেও অন্যান্য কর অঞ্চলও বিভিন্ন প্রতিষ্ঠানের কর কার্যক্রম তদারক করে।
অন্যদিকে বিদেশি নাগরিকদের আয়কর রিটার্ন ও কর পরিশোধের বিষয়টি বর্তমানে কর অঞ্চল-১১ তদারক করে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের করসংক্রান্ত সেবা ও নথিপত্র তদারকির পাশাপাশি দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় সনদ প্রদান, বিদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের কর ছাড়পত্র এবং প্রয়োজনীয় করসংক্রান্ত অনুমোদনের কার্যক্রমও একক ইউনিটের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ইউনিটের দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণে আপিল কমিশনার শাহ আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে এনবিআর। এরই মধ্যে ইউনিটের দলনেতা হিসেবে একজন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশিক্ষিত জনবল সংকটে স্থবির ট্রান্সফার প্রাইসিং সেল
এনবিআর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বহুজাতিক কোম্পানির আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি নিয়ন্ত্রণে ২০১৪ সালে ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত বিধান কার্যকর করা হয়।
এ বিধান বাস্তবায়নে কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি সহায়তাও পেয়েছিল এনবিআর।
তবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই পরবর্তী সময়ে বিভিন্ন কর অঞ্চলে বদলি হওয়ায় টিপি সেলের কার্যক্রম দুর্বল হয়ে পড়ে।
এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রান্সফার প্রাইসিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তারা বর্তমানে টিপি সেলে কর্মরত নেই। প্রশিক্ষণের সুফল পেতে নির্দিষ্টসংখ্যক দক্ষ কর্মকর্তাকে টিপি সেল কিংবা আন্তর্জাতিক কর ইউনিটে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া প্রয়োজন।
এদিকে ট্রান্সফার প্রাইসিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার জন্য পোল্যান্ডের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। প্রতিনিধিদলটি এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার আগ্রহও প্রকাশ করেছে।
আমদানি-রপ্তানিতে মূল্য কারসাজি ঠেকানোও লক্ষ্য
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও কর ফাঁকির অন্যতম কৌশল হচ্ছে আমদানি-রপ্তানিতে পণ্যের প্রকৃত মূল্য কম বা বেশি দেখানো।
আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর, করভিত্তি ক্ষয় এবং মুনাফা স্থানান্তরের ঝুঁকি তৈরি হয়। এসব অনিয়ম মোকাবিলায় আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও কার্যকর নজরদারি প্রয়োজন।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) আলোচনায়ও করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর (বিইপিএস) আন্তর্জাতিক কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।
এনবিআরের কর্মকর্তাদের মতে, নতুন আন্তর্জাতিক কর ইউনিট কার্যকরভাবে পরিচালনা করা গেলে বহুজাতিক প্রতিষ্ঠানের করসংক্রান্ত তথ্য যাচাই, আন্তঃসীমান্ত লেনদেন পর্যবেক্ষণ এবং সম্ভাব্য রাজস্ব ক্ষতি নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়বে।
অনলাইন ডেস্ক 


















