দায়িত্ব নেয়ার মাত্র পাঁচদিনের মাথায় বরখাস্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। দায়িত্ব নেয়ার পরই যোগ্যতা ও কাজের ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানিয়েছেন, জাকারিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, তিনি প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন। আইনি পেশায় তার যোগ্যতা এবং সংবাদ সম্মেলন ও বিভিন্ন সাক্ষাৎকারে তার পারফরম্যান্স নিয়ে কয়েক দিন ধরেই প্রশ্ন উঠছিল।
এদিন হোয়াইট হাউস থেকে সাপ্তাহিক ছুটিতে যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, দায়িত্বের প্রথম কয়েক দিনে সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি জাকারিয়াকে পদে থাকা নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন। ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি, আমার মনে হয়, তুমি খুশি থাকলেই ভালো করবে। আর এই কাজ করতে গিয়ে তুমি কখনো খুশি থাকতে পারবে কি না, আমি নিশ্চিত নই। এটা কোনোভাবেই সহজ কাজ না।
তিনি আরো বলেন, আমি তাকে সৎভাবেই বলেছি, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম। তবে এ নিয়ে পরে তার সঙ্গে আবার কথা বলার পরিকল্পনা ছিল।
এর আগে গত সোমবার দায়িত্ব গ্রহণ করেন জাকারিয়া। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি। সে থেকেই তার পেশাগত অভিজ্ঞতা ও আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্পও তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
বুধবার ইমেইলে দেয়া এক বিবৃতিতে জাকারিয়া বলেন, প্রয়োজনীয় সব যোগ্যতা নিয়েই আমি আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইনে কাজ করেছি।
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক করা জাকারিয়া যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ওয়াশিংটন ডিসিতে আইনজীবী হিসেবে নিবন্ধিত বা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন—এমন কোনো নথি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইন বিভাগ থেকে স্নাতক হওয়ার পর সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আইনজীবী হিসেবে কাজ করা যায় না।
অনলাইন ডেস্ক 





















