পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ডিএসইর ‘অযাচিত হস্তক্ষেপ’ বন্ধ, বড় বিনিয়োগকারীদের হয়রানি বন্ধ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ এবং পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া।
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা ও দরপতন চলছে। এতে সাধারণ ও বড় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছেন। বাজারের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করে এমন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
মহসিন খান আরও বলেন, বাজার কিছুটা ভালো থাকলে বিভিন্ন কোম্পানি ও ব্রোকারেজ হাউসে নানা ধরনের জিজ্ঞাসা, তদন্ত ও অনুসন্ধান চালানো হয়। কিন্তু বাজার যখন ধারাবাহিকভাবে পড়ে যায়, তখন বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি একইভাবে বিবেচনায় নেওয়া হয় না।
পুঁজিবাজারে বিনিয়োগের পরিবেশ তৈরির দাবি জানিয়ে তিনি বলেন, বাজার উন্নয়নে কোনো একক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিএসইসি, ডিএসই, সিএসই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
লেনদেন চার মাসের মধ্যে সর্বনিম্ন
এদিকে আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৭১ লাখ টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল সোমবার ডিএসইএক্স ৭৯ পয়েন্ট কমেছিল। রোববার কমেছিল ৬৪ পয়েন্ট। চলতি আগস্টে এখন পর্যন্ত ১৭ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ৪ দিন ডিএসইএক্স বেড়েছে, ১২ দিন কমেছে এবং ১ দিন অপরিবর্তিত ছিল। অর্থাৎ মাসের প্রায় ৭১ শতাংশ কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। মানববন্ধনে সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল ইসলাম, সহসভাপতি নূরুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান ও অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
















