দেশের শেয়ারবাজারে আবারও অস্বাভাবিক উত্তাপ এই কেন্দ্রবিন্দুতে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর যেভাবে হু-হু করে ছুটছে, তা নিয়ে ডিএসইর তদন্তেও মিলছে না কোনো যৌক্তিকতা। বিনিয়োগকারীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা—“অপ্রকাশিত তথ্য ছাড়া এত দ্রুত দাম বাড়া স্বাভাবিক নয়”।
ডিএসই জানায়, শেয়ারদরের রহস্যজনক উল্লম্ফন নিয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। উত্তরে কোম্পানির দাবি—তাদের কাছে এমন কোনো মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই, যা শেয়ারের এমন উর্ধ্বগতিকে সমর্থন করে। অর্থাৎ কোম্পানি নিজেও জানে না, কেন বাজারে তাদের শেয়ারে এমন অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়েছে।
গত ১৭ নভেম্বর, ২০২৫ তারিখে জিল বাংলার শেয়ারদর ছিল মাত্র ৮১ টাকা ১০ পয়সা। যা ১২ কার্যদিবসের মাথায় অর্থাৎ ৩ ডিসেম্বর. ২০২৫ তারিখে তা লাফিয়ে পৌঁছেছে ১২০ টাকা ৪০পয়সায়। ১২ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ৩০ পয়সা বা ৪৯ শতাংশ।
টানা এই অস্বাভাবিক ছুটে চলাকে বাজার বিশেষজ্ঞরা দেখছেন সম্ভাব্য কারসাজির ইঙ্গিত হিসেবে। ডিএসইর তদন্ত রিপোর্টও সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে এখন প্রশ্ন একটাই—এ উন্মাদনা কি কেবল শুরু, নাকি বিনিয়োগকারীদের জন্য সামনে আরও বড় ঝুঁকি অপেক্ষা করছে?
বাজার পর্যবেক্ষকদের সতর্কবার্তা স্পষ্ট—“এমন মুহূর্তে অন্ধভাবে ঝাঁপ নয়, বরং সর্বোচ্চ সতর্কতা জরুরি।”
হৃদয় 

























