পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬১টি কোম্পানির ব্যবসার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনা ও আর্থিক দায় পরিশোধের সক্ষমতা নিয়ে নিরীক্ষকেরা শঙ্কা প্রকাশ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৯টির কার্যক্রম বন্ধ। গত সাত মাসে ব্যবসার ধারাবাহিকতা ঝুঁকিতে থাকা কোম্পানির সংখ্যা বেড়েছে ২৪টি।
ডিএসইর তালিকাভুক্ত মোট ৩৬০টি কোম্পানির মধ্যে ৬১টি বা প্রায় ১৭ শতাংশ কোম্পানির ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত এপ্রিলে এ ধরনের কোম্পানির সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ সাত মাসে ঝুঁকির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ২৪টি কোম্পানি। ডিএসইর ওয়েবসাইটে ‘লিস্ট অব কোম্পানিজ হ্যাভিং গোয়িং কনসার্ন থ্রেট’ শিরোনামে প্রকাশিত তালিকায় এসব কোম্পানির নাম রয়েছে। সংশ্লিষ্ট কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকদের পর্যবেক্ষণের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
নতুন যুক্ত ও বাদ পড়া কোম্পানি
সর্বশেষ তালিকায় নতুন করে ১১টি কোম্পানি যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, অ্যাটলাস বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। বিপরীতে আগের তালিকা থেকে বাদ পড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস।
বন্ধ কোম্পানির ১৯টিই ঝুঁকির তালিকায়
ডিএসইর ‘ক্লোজড/নন-অপারেশনাল কোম্পানিজ’ তালিকার সঙ্গে ব্যবসার ধারাবাহিকতা ঝুঁকিতে থাকা কোম্পানির তালিকা তুলনা করে দেখা গেছে, দুই তালিকায় ১৯টি কোম্পানির নাম রয়েছে। এগুলো হলো আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিম, প্রাইম টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, টুং হাই নিটিং, উসমানিয়া গ্লাস ও জাহিন স্পিনিং।
অর্থাৎ ডিএসইর চিহ্নিত ৩৭টি বন্ধ কোম্পানির মধ্যে ১৯টির ব্যবসার ধারাবাহিকতা নিয়েও নিরীক্ষকের শঙ্কা রয়েছে। তবে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকা এবং ব্যবসার ধারাবাহিকতা নিয়ে নিরীক্ষকের পর্যবেক্ষণ এক বিষয় নয়। দুটি তালিকা ভিন্ন মানদণ্ডে তৈরি।
‘গোয়িং কনসার্ন’ শঙ্কা মানে কী
নিরীক্ষা প্রতিবেদনে ‘গোয়িং কনসার্ন’ বা ব্যবসার ধারাবাহিকতা নিয়ে শঙ্কা প্রকাশের অর্থ হলো, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে স্বাভাবিক ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না এবং আর্থিক দায় পরিশোধ করতে সক্ষম হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারাবাহিক লোকসান, অতিরিক্ত ঋণ, ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ, তারল্য সংকট কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতিতে নিরীক্ষকেরা এ ধরনের পর্যবেক্ষণ দিতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে কিংবা অবিলম্বে বন্ধ হয়ে যাবে। বরং ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়।
ডিএসইর ‘অডিটরস ওপিনিয়ন অ্যান্ড আদার্স’ বিভাগে ২০২৬ সালের নিরীক্ষা প্রতিবেদনসংক্রান্ত বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে। সেখানে ‘ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটেড টু গোয়িং কনসার্ন’, ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’, ‘এমফাসিস অব ম্যাটার’ ও ‘অ্যাডভার্স ওপিনিয়ন’-এর মতো পৃথক নিরীক্ষা মতামত ও পর্যবেক্ষণ রয়েছে। এগুলোর তাৎপর্য এবং আর্থিক বিবরণীর ওপর প্রভাবও আলাদা।
বে লিজিংয়ের দায় ছাড়িয়েছে সম্পদ
ব্যবসার ধারাবাহিকতা নিয়ে শঙ্কায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের আর্থিক অবস্থাও উদ্বেগজনক। কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক পিনাকি অ্যান্ড কোম্পানি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির মোট দায় সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে। একই সময়ে ঋণাত্মক রিটেইনড আর্নিংসের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৯ কোটি টাকা। আর পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৩২ কোটি টাকা। এসব সূচক কোম্পানিটির আর্থিক সক্ষমতা ও ব্যবসার ধারাবাহিকতা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।
অলটেক্সের সক্ষমতার ব্যবহার মাত্র ২.১ শতাংশ
অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থাপিত উৎপাদন সক্ষমতার মাত্র ২ দশমিক ১ শতাংশ ব্যবহার হচ্ছে বলে সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। কোম্পানিটির ঋণাত্মক রিটেইনড আর্নিংসের পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। ব্যাংকঋণ রয়েছে প্রায় ৩১২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনার আওতায় ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও সোনালী ব্যাংকের ঋণ পুনঃতপশিল করা হয়েছে।
ডিএসইর নিরীক্ষাসংক্রান্ত প্রকাশনায় অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ ও ‘এমফাসিস অব ম্যাটার’ উল্লেখ রয়েছে। উৎপাদন সক্ষমতার অত্যন্ত কম ব্যবহার, লোকসান ও ঋণের চাপ কোম্পানিটির আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তালিকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও
গোয়িং কনসার্ন ঝুঁকির তালিকায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকও রয়েছে। তালিকায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা তিনটি ব্যাংক রয়েছে। এগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বর্তমানে স্থগিত রয়েছে। তবে এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম এ তালিকায় নেই।
এ ছাড়া ফিনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইসলামী ফাইন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠানও ঝুঁকির তালিকায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বৃদ্ধি, তারল্য সংকট ও আর্থিক দায় পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।
ঝুঁকি সত্ত্বেও লভ্যাংশ
নিরীক্ষকের পর্যবেক্ষণে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা উঠে এলেও তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা বা সুপারিশ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব করেছে। ড্যাফোডিল কম্পিউটার্স ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য খুলনা পাওয়ার ৭ দশমিক ৫০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫ শতাংশ, দুলামিয়া কটন ১ শতাংশ, জিবিবি পাওয়ার শূন্য দশমিক ৫০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ শূন্য দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে।
তদারকি বাড়ানোর তাগিদ
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব কোম্পানির ওপর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচিত কঠোর তদারকি নিশ্চিত করা এবং কোম্পানিগুলোকে সময়মতো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে বাধ্য করা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রাখা কিংবা বারবার নিয়ন্ত্রক সংস্থার শর্ত লঙ্ঘন করা কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডিএসইর এক কর্মকর্তা বলেন, “যেসব কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে অথবা আর্থিক সংকটে রয়েছে, সেগুলো সম্পর্কে বিনিয়োগকারীদের হালনাগাদ তথ্য জানাতেই পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে ডিএসই এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।” তিনি জানান, কোম্পানির তথ্যপ্রাপ্তি সহজ করা, বাজার কারসাজি নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে কাজ করছে ডিএসই, যাতে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।
‘জেনেশুনে কিনলে দায় বিনিয়োগকারীর’
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, এসব কোম্পানির বিষয়ে ডিএসই নিজ উদ্যোগে সতর্কবার্তা দিয়েছে, যা ইতিবাচক। এরপরও কিছু বিনিয়োগকারী জেনেশুনেই এসব শেয়ার কিনছেন। ফলে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার তাঁদেরই নিতে হবে।
তাঁর মতে, হয়তো অনিচ্ছা সত্ত্বেও এসব শেয়ারের লেনদেন চালু রাখছে ডিএসই। তবে কোনো বিনিয়োগকারী ঋণ বা মার্জিন ঋণ ছাড়া নিজের অর্থে এসব শেয়ার কিনতে চাইলে তাঁকে বাধা দেওয়ার সুযোগ নেই।
অনলাইন ডেস্ক 


















