চাঁদপুরের ফরিদগঞ্জে মেধাবী ও অসচ্ছল ৩৫ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর বোর্ড, কেন্দ্র ও অন্যান্য পরীক্ষার ফি পরিশোধ করেছে সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার ১২ নম্বর পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেয় সংগঠনটি।
কর্মসূচির আওতায় দক্ষিণ লড়াইচর দাখিল মাদ্রাসার ৬ জন, উত্তর লড়াইচর দাখিল মাদ্রাসার ৭ জন, বিরামপুর এস. জে. এম. উচ্চবিদ্যালয়ের ১২ জন এবং ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর ফি পরিশোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধন-১২-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আলমগীর পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সংগঠনের সহসভাপতি সেলিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র সাংবাদিক, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াদ গাজী ও সাধারণ সম্পাদক অনিক।
এ ছাড়া বন্ধন-১২-এর সদস্য বোরহান, ইমান মাস্টার, সেলিম বৈদ্য, জুমান পাটোয়ারী ও রুবেল মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন তানভীর, অলি-উল্লাহ মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 























