Logo

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

ব্রোকার্স এসোসিয়েশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।জাতীয় সংবাদ কভারেজ

ডিবিএ বিশেষভাবে ১৩ জুলাই বিএসইসি আয়োজিত সভার জন্য চেয়ারম্যান এবং সম্মানিত কমিশনারদের প্রতি ধন্যবাদ জানিয়েছে। ওই সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শনিবার (১৮ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সংশোধিত মার্জিন বিধিমালার ওপর অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাবনা, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগসহকারে শুনে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়ায় ডিবিএ কমিশনের চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিবিএ মনে করে, বিএসইসির বাস্তবমুখী ও বাজারবান্ধব এই উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, অচিরেই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি পর্যালোচনার পর প্রয়োজনবোধে ডিবিএ তার বিস্তারিত মতামত ও সুপারিশ কমিশনের কাছে উপস্থাপন করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ সর্বদা প্রস্তুত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬