টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শনিবার ভোর থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়। পানি বাড়লে নতুন নতুন এলাকা ডুবে যাবে।
তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রূম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শনিবার ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।
তিস্তা ব্যারেজ এলাকার কফিল উদ্দিন জানান, দুদিন ধরে উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। তিনি বলেন, শুরু হলো আতংকের দিন, কখন যে ভারতের উজানের ঢলে বন্যায় ভেসে বেড়াই হামরাগুলা সেই চিন্তায় আছি।
তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ড –এর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে । তবে এখনো বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।