২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের ক্রীড়াঙ্গনেও আলোচনায় রয়েছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলার অভিযোগ রয়েছে। সরকার পতনের পর সাকিব দেশের বাইরে অবস্থান করছেন, আর মাশরাফী দেশেই থাকলেও প্রকাশ্যে দেখা যায়নি।
এ পরিস্থিতিতে নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আবারও তাদের বিষয়ে সরকারের নমনীয় অবস্থানের কথা জানিয়েছেন।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমিও একজন খেলোয়াড়। সাকিব ও মাশরাফী বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের যে ভালোবাসা, খেলার প্রতি তাদের যে অবদান—সেগুলো আমরা জানি। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়।”
তিনি আরও বলেন, “তারা যদি তাদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হন এবং দেশে ফিরে খেলতে চান, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব। মামলা নিষ্পত্তি করে মাঠে ফিরলে আমরা তাদেরকে ‘মোস্ট ওয়েলকাম’ জানাব। এ বিষয়ে আমরা শতভাগ নমনীয় থাকব।”
উল্লেখ্য, আসন্ন পাকিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দলে ফেরানোর সম্ভাবনা যাচাই করছে। এ বিষয়ে তার মামলার নথিও সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।