Logo

মানুষ মাত্রই ভুল, আবারও হতে পারে: নোবেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নোবেল। তিনি বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।’

এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্য অভিযুক্তরা হলেন-নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

আদালতের নির্দেশে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোর করে ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। পরে মামলার অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট থানাকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেন।

মামলার পর জামিন পেলেও তার মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন মামলার পরবর্তী কার্যক্রমের দিকেই নজর সংশ্লিষ্টদের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬