Logo

ব্রি অর্গানিক সার প্রযুক্তিতে বিআরআরআই–এসিআই চুক্তি সাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থায় টেকসই, পরিবেশবান্ধব ও লাভজনক সমাধান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি-এর মধ্যে ‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বিআরআরআই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এসিআই এর পক্ষে গ্রুপ অ্যাডভাইজার, ড. ফা হ আনসারী এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এর পক্ষে ভারপ্রপ্ত মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এই চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্নুজান খানম, পরিচালক (প্রশাসন), ব্রি; মো. বশির আহমদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ফার্টিলাইজার); এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম, পরিচালক (গবেষণা)। ব্রি  চুক্তির আওতায় বিআরআরআই তাদের উদ্ভাবিত ব্রি অর্গানিক ফার্টিলাইজার উৎপাদন প্রযুক্তি এসিআই পিএলসি-কে হস্তান্তর করবে। এসিআই পিএলসি এই প্রযুক্তি ব্যবহার করে দেশের কৃষকদের জন্য মানসম্মত জৈবসার উৎপাদন ও বাজারজাতকরণ করবে। সার উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করতে এসিআই নিজস্ব কারখানা ও আধুনিক পরীক্ষাগার স্থাপন করবে। মো. বশির আহমদ বলেন, “এসিআই ফার্টিলাইজার ব্রি অর্গানিক সারের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। এসিআই ফার্টিলাইজার সবসময়ই কেবল আর্থিক লাভের চেয়ে কৃষকের বাস্তব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করে।

এসিআই-এর নিজস্ব কারখানায় উৎপাদিত ব্রি উদ্ভাবিত অর্গানিক ফার্টিলাইজার কৃষকের ফসল উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করবে এবং এর মাধ্যমে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।”

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এর পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “ব্রি উদ্ভাবিত অর্গানিক ফার্টিলাইজার উৎপাদন প্রযুক্তি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি-এর কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এসিআই পিএলসির মাধ্যমে এই সার সারা দেশে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং ব্রি অর্গানিক সারের সর্বোচ্চ মান বজায় থাকবে। এই সার ধান উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের আর্থিকভাবে আরও লাভবান করবে।”

ব্রি অর্গানিক ফার্টিলাইজার একটি পরিবেশবান্ধব, টেকসই ও উদ্ভাবনী জৈবসার, যা গৃহস্থালি বর্জ্য, গোবর, পোলট্রি লিটার, রক ফসফেট, বায়োচার এবং উপকারী অণুজীবের সমন্বয়ে তৈরি। গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, হেক্টরপ্রতি মাত্র ৫০০-৭৫০ কেজি ব্রি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেই ধান চাষে ফসফেট সার সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব। একই সঙ্গে নাইট্রোজেন সারের ব্যবহার ২৫-৩০ শতাংশ কমিয়েও শতভাগ রাসায়নিক সার ব্যবহারের সমপরিমাণ ফলন নিশ্চিত করা যায়।

এই জৈবসার ব্যবহারের ফলে মাটির জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, পানি ধারণক্ষমতা উন্নত হয় এবং উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়, যা গাছের শিকড়কে আরও শক্তিশালী করে। দীর্ঘমেয়াদে এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ধান উৎপাদনে টেকসই ফলন নিশ্চিত করে। পাশাপাশি পরিবেশ দূষণ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে দেশে ধান উৎপাদনে ইউরিয়া ও ফসফেট সারে সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করতে হয়। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে ব্রি অর্গানিক ফার্টিলাইজারের ব্যবহার নিশ্চিত করা গেলে ধান চাষে ফসফেট সার সম্পূর্ণভাবে বাদ দেওয়া এবং ইউরিয়া সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। এর ফলে সরকারের সার ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বিআরআরআই ও এসিআই পিএলসি মনে করে, ব্রি অর্গানিক ফার্টিলাইজার শুধু একটি বিকল্প সার নয়; এটি বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থায় অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। যথাযথ নীতিগত সহায়তা ও ব্যাপক প্রয়োগের মাধ্যমে এই উদ্ভাবন দেশের কৃষিখাতে একটি টেকসই রূপান্তর ঘটাতে সক্ষম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬