Logo

বছরের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এলো প্রায় ৯১ কোটি ডলার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বছরের শুরুতেই হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। চলতি মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসেবে দেশে প্রতিদিন রেমিট্যান্স এলো ১২ কোটি ৯৬ লাখ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তিনি আরও বলেন, আর ৭ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬