দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট লিমিটেডের ব্যবসায় চরম ধস নেমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটি লাভের মুখ দেখা তো দূরের কথা, উল্টো বিশাল অংকের লোকসানে নিমজ্জিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আরামিট লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১.১৯ টাকায়, যেখানে গত বছরের একই সময়ে তারা শেয়ারপ্রতি ০.৪৪ টাকা মুনাফা করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১.৬৩ টাকা। মুনাফা থেকে সরাসরি বড় অংকের এই লোকসানে চলে যাওয়া বিনিয়োগকারীদের জন্য এক চরম দুঃসংবাদ হিসেবে দেখা দিয়েছে।
অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫.৮৬ টাকায়। হঠাৎ করে ব্যবসায়িক কার্যক্রমে এমন বিপর্যয় কেন ঘটল এবং এই লোকসানের ধারা আগামীতে কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।