Logo

ভিলার জয়রথ থামিয়ে শীর্ষে থেকেই বছর শেষ আর্সেনালের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ে রীতিমতো উড়ছিল অ্যাস্টন ভিলা। এমিরেটস স্টেডিয়ামে সেই উড়ন্ত ভিলাকে মাটিতে নামিয়ে আনল আর্সেনাল। ৪-১ গোলের দাপুটে জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করল মিকেল আর্তেতার শিষ্যরা।

মঙ্গলবার রাতের এই জয়ে ১৯ ম্যাচে গানারদের পয়েন্ট বেড়ে দাঁড়াল ৪৫-এ। এতে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল তারা। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৪০। আজ রাতে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার দল। সেই ম্যাচ জিতলে ব্যবধান আবারও ২ পয়েন্টে নেমে আসবে।

এমিরেটসে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পরই জ্বলে ওঠে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালাইস। মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিন জুবিমেন্দি। দলের হয়ে তৃতীয় গোলটি আসে লিয়ান্দ্রো তোসারের পা থেকে।

ম্যাচের শেষ দিকে ভিক্টর ইয়োকেরেসের বদলি হিসেবে নেমে চমক দেখান গ্যাব্রিয়েল জেসুস। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের প্রথম স্পর্শে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। চলতি বছরের জানুয়ারির পর এটি ছিল তার প্রথম গোল। যোগ করা সময়ে ওলি ওয়াটকিনস অ্যাস্টন ভিলার হয়ে একটি সান্ত্বনার গোল শোধ করেন।

শীর্ষে থেকে বছর শেষ করতে পেরে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘দারুণভাবে বছরটা শেষ করলাম। আগামীকাল পরিবার নিয়ে ভালো একটা রাত কাটাব। এরপরের দিনই আবার কাজে ফিরতে হবে। ২০২৫ সালটা অবিশ্বাস্য ছিল। ২০২৬ সালে আমরা কী চাই, সেটাও জানা আছে। তবে সেই পথ পাড়ি দিতে হলে অর্জন করে নিতে হবে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬