Logo

আইপিওর টাকা খরচে ব্যর্থ একমি পেস্টিসাইডস, সময় বাড়ল আরও দেড় বছর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান একমি পেস্টিসাইডস লিমিটেড আইপিওর মাধ্যমে সংগৃহীত অব্যবহৃত তহবিল ব্যবহারের সময়সীমা আরও দেড় বছর বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়ে টাকা খরচে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের সম্মতির দোহাই দিয়ে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-তে পাঠানো হয়। সোমবার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।

আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল, যা ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ ব্যবহারের বাধ্যবাধকতা ছিল। অথচ নির্ধারিত সময় পার হলেও খরচ করতে পেরেছে মাত্র ২১ কোটি ৮৬ লাখ টাকা। এখনো অব্যবহৃত পড়ে আছে ৮ কোটি ১৪ লাখ টাকা, যা ব্যবহারের সময় বাড়িয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

ব্যয়ের খতিয়ান বিশ্লেষণে দেখা যায়, কারখানা নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে খরচ হয়েছে ১০ কোটি ৪ লাখ টাকা, বৈদ্যুতিক সংযোগে ২ কোটি ৪ লাখ টাকা, নতুন কারখানা ও যন্ত্রাংশ একীভূতকরণে ৮ কোটি ৩৪ লাখ টাকা এবং আইপিও সংশ্লিষ্ট আনুষঙ্গিক খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা।

তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো—অবশিষ্ট ৮ কোটি ১৪ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যবহারের পরিকল্পনা। অথচ ওই ঋণ সংক্রান্ত একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন, ফলে এই অর্থ আদৌ কখন ও কীভাবে খরচ হবে—তা পুরোপুরি অনিশ্চিত।

এছাড়া আইপিও খরচের খাত থেকে বেঁচে যাওয়া প্রায় ৪১ লাখ টাকা চলতি মূলধন হিসেবে ব্যবহারের অনুমতিও বিনিয়োগকারীদের কাছ থেকে আদায় করেছে কোম্পানিটি।

আইপিওর অর্থ যথাসময়ে কাজে লাগাতে না পারা, সময় বাড়ানোর আবেদন এবং ঋণ মামলা ঝুলে থাকা—সব মিলিয়ে একমি পেস্টিসাইডসের ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের স্বার্থ কতটা সুরক্ষিত থাকছে, সেটাই এখন বড় উদ্বেগের বিষয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬