Logo

এসিআই এগ্রোলিংকের চিংড়ী পণ্য ইইউ মানসম্মত – ইইউ প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘বেটার ট্রেনিং ফর সেফার ফুড’ (বিটিএসএফ) কর্মসূচির আওতায় আয়োজিত আঞ্চলিক কর্মশালায় এসিআই এগ্রোলিংকের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক প্রতিনিধিরা।

বুধবার (২৬ নভেম্বর) সরেজমিনে কারখানা পরিদর্শনের পর ইইউ এবং এশিয়ার আটটি দেশের প্রতিনিধিরা প্রশংসা করে বলেন, ইউরোপীয় স্ট্যান্ডার্ড প্রসেসিং ইউনিট এবং এসিআই এগ্রোলিংক কারখানার মধ্যে কোনো পার্থক্য নেই। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব ডঃ মোঃ খালেদ কনক, পিএসও, সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য মৎস্য কর্মকর্তা এবং এসিআই এগ্রো লিঙ্ক এর বিজনেস ডিরেক্টর জনাব সৈয়দ ইশতিয়াক।

স্প্যানিশ অ্যাসোসিয়েশন ফর স্ট্যান্ডার্ডাইজশন (এইএনওআর)-এর আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘বিটিএসএফ এসপিএস নন-ইইউ কান্ট্রিজ বাংলাদেশ: রিজিওনাল ওয়ার্কশপ অন অ্যাকুয়াকালচার’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণের তৃতীয় দিনটি পরিচালনা করে এসিআই এগ্রোলিংক লিমিটেড এবং সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর। কর্মশালায় বাংলাদেশসহ আটটি দেশ—কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম—থেকে ৪৫ জন সরকারি প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিনিধিদলটি এসিআই শ্রিম্প জেনেটিকস নার্সারি এবং এসিআই এগ্রোলিংক শ্রিম্প প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাদের ইইউ-এর চাহিদামাফিক পোস্ট লার্ভা (পিএল) নার্সিং এবং রপ্তানিযোগ্য চিংড়ি প্রক্রিয়াজাতকরণের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কারখানা ও নার্সারি পরিদর্শন শেষে অংশগ্রহণকারীরা এসিআই-এর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভ্যালুচেইন এ এসিআই শ্রিম্প জেনেটিক্স নার্সারি এর অবদান কে স্বীকৃতি দেন । তারা জানান, পিএল নার্সিং ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণে এসিআই যে খাদ্য নিরাপত্তা, গুণগত মান এবং বায়োসিকিউরিটি বা জৈবনিরাপত্তা বজায় রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। পণ্যের এই উচ্চমানের কারণে এসিআই এগ্রোলিংকের পণ্য প্রিমিয়াম মূল্যে ক্রয়েও তারা আস্থা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে এসিআই এগ্রোলিংকের বিজনেস ডিরেক্টর জনাব সৈয়দ ইশতিয়াক উন্নতির ক্ষেত্র বা পরামর্শ সম্পর্কে জানতে চাইলে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি জানান, এসিআই এগ্রোলিংক ইতিমধ্যেই মানদণ্ডের সর্বোচ্চ পর্যায় বজায় রাখছে এবং এই ধারাবাহিকতা ধরে রাখাই হবে তাদের মূল লক্ষ্য। উন্নত মান বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল ‘বেটার ট্রেনিং ফর সেফার ফুড (বিটিএসএফ)‘ সম্মাননা সনদ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬