Logo

জরিমানার মুখে সোনালি আঁশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের প্রত্যাশার তুলনায় কম লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি অর্থবছরে ৯ কোটি ৫৪ লাখ টাকা নিট মুনাফা করলেও শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে মাত্র ১৫% লভ্যাংশ, যা মোট মুনাফার ১৭.০৬ শতাংশ। ফলে বাকি ৮২.৯৪ শতাংশ বা ৭ কোটি ৯১ লাখ টাকা রিটেইন আর্নিংসে স্থানান্তর করা হচ্ছে।

বাজেট-২০১৮–১৯ অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার অন্তত ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হয়। এর কম দিলে রিটেইন আর্নিংসে রাখা সম্পূর্ণ টাকার ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর প্রযোজ্য হয়। এ নীতির কারণে সোনালি আঁশকে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৭ কোটি ৯১ লাখ টাকার ওপর ৭৯ লাখ টাকা অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

অর্থবছরজুড়ে মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে কোম্পানিটির। আগের বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩.২৩ টাকা, যা চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে ৮.৭৯ টাকায়। হিসেব অনুযায়ী কোম্পানিটি আয় বেড়েছে ১৭২ শতাংশ। আগের অর্থবছরে কোম্পানি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মুনাফায় ছিল ২৮.৪৯ শতাংশ । তবে এ বছর মুনাফা ব্যাপক বেড়েছে, কিন্তু লভ্যাংশ মাত্র ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ ঘোষণা করা হয়েছে।

সোনালি আঁশের পরিশোধিত মূলধন ১০ কোটি ৮৫ লাখ টাকা, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.৯৮ শতাংশ। বাজারে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা বেশি হলেও লভ্যাংশ নীতিতে তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬