শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ ২০২৪–২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে—যা কার্যত নামমাত্র বলে মনে করছেন বিনিয়োগকারীরা। টানা দুর্বল পারফরম্যান্সের মধ্যেই কোম্পানিটির এ সিদ্ধান্ত বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ০.১১ টাকা। আর ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.৭০ টাকা, যা সামগ্রিক আর্থিক দুরবস্থার ইঙ্গিত দেয়।
বাজার বিশ্লেষকদের মতে, “এমন দুর্বল আর্থিক ফলাফল ও নামমাত্র লভ্যাংশ কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে আরও প্রশ্ন তৈরি করছে।”
ঘোষিত এই অতি-নিম্ন লভ্যাংশসহ অন্যান্য বিষয় অনুমোদনের জন্য ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেকেছে কোম্পানি। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।