Logo

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুইপাশে অনেক যানবাহন আটকা পড়ে।

অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬