সেবাই মানবতার শ্রেষ্ঠ ধর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে লিও ক্লাব অব চাঁদপুর, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩ এর অক্টোবর সার্ভিস উইক-২০২৫ এর সফল সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শেখেরহাট বাজার এলাকায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেসার মাপার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী, শিশু ও প্রবীণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও ক্লাব অব চাঁদপুরের সভাপতি লিও জান্নাতুল নাইমা জুহানি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন এবং প্রোগ্রামের দায়িত্বে ছিলেন চেয়ারম্যান লিও হাবিবুর রহমান ইশান।
লিও ক্লাব সভাপতি লিও জান্নাতুল নাইমা জুহানি বলেন, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই লিওরা সবসময় মানুষের পাশে থাকতে চায়।
সার্ভিস উইকের সার্বিক তদারককারী লিও সাইফুল ইসলাম লিখন বলেন, অক্টোবর মাসজুড়ে লিও ক্লাব বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর মধ্যে ছিল খাদ্য বিতরণ, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, শিশুদের মাঝে খেলনা উপহার প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও লিও ক্লাব অব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। মানবতার সেবায় তরুণ প্রজন্মের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবেদক: সাঈদ মানছুর নাহিয়ান।