সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মো. হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাতে ফুল দিয়ে বরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।
জুলাই-আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উচ্চ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মো. হাসান সরদার।
শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন জুলাই যোদ্ধা হাসান সরদার। এ সময় সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার দলের সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে এম. জহির উদ্দিন স্বপন বলেন, হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি মাঠ পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নির্ভীক কর্মী। তার মতো সাহসী কর্মী আমাদের দলের জন্য সম্পদ।
এ সময় জহির উদ্দিন স্বপন মো. হাসান সরদার ও তার পরিবারের সব সময় পাশে থাকার ঘোষণা দেন। সাক্ষাৎকালে গৌরনদী প্রেসক্লাবের নেতারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।