এশিয়া কাপের এবারের আসরে যে ৮টি দল অংশ নিয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যালেন্স টিম হলো ভারত, শ্রীলংকা এবং আফগানিস্তান।
আফগানিস্তান এবং শ্রীলংকা অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়ে গঠিত। এই দুই দলের ব্যাটিং বোলিং গভীরতা অনেক বেশি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শক্তিশালীল দল গঠন করেও নির্দিষ্ট দিনে সেরা খেলাটা উপহার দিতে না পারায় সুপার ফোরের আগেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে।
১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৮ রানে হেরে যায় আফগানিস্তান। সেই ম্যাচে হেরে কঠিন সমীকরণের মুখোমুখি হয় আফগানরা।
গতকাল আবু ধাবিতে শ্রীলংকার মুখোমুখি হয় আফগানরা। এই ম্যাচটি ছিল তাদের জন্য বাঁচা মরার লড়াইয়। এই লড়াইয়েও ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ১৯ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করা আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর উপহার শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ নবি। তিনি শেষ ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩২ রান আদায় করে নেন।
১২০ বলে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। এই জয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে চলে যায় লংকানরা। লংকানদের জয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় আফগানিস্তানের।
খেলা শেষে আফগান অধিনায়ক রশিদ খান সবেচে বেশি আফসোস করেছেন বাংলাদেশ ম্যাচ নিয়ে। বাংলাদেশের বিপক্ষে ১৫৫ রান তাড়া করতে না পারাটাই তাদের জন্য কাল হয়েছে বলে জানান রশিদ খান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচে আমাদের একটা দুর্দান্ত সুযোগ ছিল, আমরা ১৫৫ রান তাড়া করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই হয়। আমাদের এগিয়ে যেতে হবে এবং ভুলগুলো পুনরাবৃত্তি করা যাবে না।’