Logo

জাকসু নির্বাচনে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে অমর্ত্য রায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন প্রার্থীতা ফেরতের দাবিতে হাইকোর্টে রিট করেছেন। প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়। এর আগে প্রার্থীতা ফেরতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠান অমর্ত্য রায় জন। জাকসু গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারেন না। তবে অমর্ত্য রায় জনের অভিযোগ, এই ধারার অপব্যাখ্যা করে তাকে অন্যায্যভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সাতটি পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রদল–সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, বামপন্থী সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’ এবং ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এর বাইরে বামপন্থী সংগঠনগুলোর অপর অংশের ‘সংশপ্তক পর্ষদ’ নামে পাঁচ সদস্যের আংশিক প্যানেল ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে আট সদস্যের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেল রয়েছে। এর বাইরে অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬