টানা হারের হতাশা পেছনে ফেলে অবশেষে জয়ের দেখা পেল জার্মানি। বিশ্বকাপ বাছাইপর্বে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নাগেলসম্যানের শিষ্যরা। অন্যদিকে, তুরস্কের জালে ছয় গোলের বন্যা বইয়ে বড় জয় পেয়েছে স্পেন।
ডাবলিনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। সপ্তম মিনিটে সের্গে জিনাব্রির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৩৪ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস।
প্রথমার্ধে লড়াইয়ে সমানতালে থাকলেও বিরতির পর ম্যাচের দখল নেয় জার্মানি। ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নাদিম আমিরি। তিন মিনিট পরই ফ্লোরিয়ান ভার্টজের অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান হয় ৩-১। শেষদিকে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি জার্মানি।
পুরো ম্যাচে বল দখলে (৮০ শতাংশ) ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ১১ শটের ছয়টি ছিল অন টার্গেটে। অন্যদিকে আয়ারল্যান্ডের তিন শটের মধ্যে একটিই লক্ষ্যভেদ করে।
এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে জার্মানি। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা দুই জয়ে শীর্ষে স্লোভাকিয়া, আর দুই ম্যাচে হেরে তলানিতে লুক্সেমবার্গ।
এদিকে ‘ই’ গ্রুপে তুরস্ককে উড়িয়ে দিয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিক, পেদ্রির জোড়া গোল ও ফেররান তোরেসের এক গোলে ৬-০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
ষষ্ঠ মিনিটেই নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করেন পেদ্রি। এরপর ২২ ও ৪৪ মিনিটে দুটি গোল করে প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেন মেরিনো। বিরতির পর ৫৩ মিনিটে গোল করেন তোরেস, চার মিনিট পর পূর্ণ করেন মেরিনোর হ্যাটট্রিক। ম্যাচের ৬২ মিনিটে আবারও গোল করে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি।
পুরো ম্যাচে স্পেনের দাপুটে ফুটবলের সামনে পাত্তাই পায়নি তুরস্ক। গোলের উদ্দেশে ২১টি শট নেয় স্বাগতিকরা, যার অর্ধেকই জালে প্রবেশ করে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন, আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে তুরস্ক।