Logo

সিলেটে ম্যাচের আগে বিসিবির টেবিলে নির্বাচন ইস্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যে দেশে আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট হয়, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা আয়োজনের একটা অলিখিত চল রয়েছে। আইসিসিতে চাকরি করা আমিনুল ইসলাম বুলবুল হয়তো তারই একটি মহড়া দেওয়ার চেষ্টা করছেন বিসিবি সভাপতি হিসেবে।

সিলেট ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে দলের টি২০ সিরিজ চলায় বিসিবি পরিচালনা পর্ষদের সভাও সিলেটে রেখেছেন বুলবুল। আজ দুপুর ২টা থেকে টিম হোটেল গ্র্যান্ড সিলেটে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের সভা। পরিচালকদের অধিকাংশ অনলাইনে যোগ দেবেন ঢাকা থেকে। আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম শুধু সিলেটে রয়েছেন। সিইও নিজামউদ্দিন চৌধুরী থাকবেন ভেন্যুতে।

এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, বিসিবির নির্বাচন, বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়োগ, বিপিএলের ফিক্সিং খতিয়ে দেখা বিশেষ কমিটির দেওয়া প্রাথমিক রিপোর্ট ও গাইড লাইন নিয়ে আলোচনা হবে। সভায় বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের সময় নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি।

বেশির ভাগ এজেন্ডা ‘পোস্ট অ্যাপ্রুভাল ফ্যাক্টর’। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়োজিত সিরিজের খরচের অনুমোদন; রাজশাহী, বগুড়া ও ফতুল্লা স্টেডিয়ামে পিচ নির্মাণের বাজেট অনুমোদন। এ ছাড়া এইচআর পলিসি নিয়ে কাজ করা কোম্পানির রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে বলে জানান মিঠু।

তবে সবকিছু ছাপিয়ে সভার মূল আকর্ষণ থাকবে নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়টি। এই সভায় নির্বাচন আয়োজনে কমিশন গঠন করা হলে বিসিবি উঠে যাবে নির্বাচনী ট্রেনে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬