Logo

মাননীয় প্রধান উপদেষ্টাঃ বিনিয়োগকারীদেরকে গলাটিপে হত্যা করুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুন, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের স্টক মার্কেটে আস্থার সংকট চলছে দীর্ঘ নয় মাস ধরে। সর্বস্ব হারিয়ে নিঃস্বপ্রায় বিনিয়োগকারীরা উপায়ন্ত না পেয়ে শেষ পর্যন্ত কাফন মিছিল এবং কফিন মিছিল করেছে। সংশ্লিষ্ট মহল কোন প্রতিকার না করে এটা নিয়ে তাচ্ছিল্য করেছে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিনিধি দালাল নিয়োগ করেছে ধ্বংসপ্রায় এই মার্কেটের আরো ধ্বংশের পক্ষে কথা বলার জন্য। কি ভয়ংকর সংস্কার চলছে।

মাননীয় অর্থ উপদেষ্টা কোন এক মধুর লোভে লজ্জা শরম ভুলে গিয়ে টিভি ও প্রিন্ট মিডিয়ায় বর্তমান কমিশনেরই স্বপক্ষে গুন গান গেয়ে যাচ্ছেন। সত্যি সেলুকাস! বিচিত্র এই দেশ। লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের পক্ষে যাদের দাঁড়ানোর কথা তারা শুধু দায়িত্ববোধই নয়, অজানা কোন মধুর লোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাদের প্রতি সকল বিনিয়োগকারীদের অনাস্থা তাদের পক্ষেই কথা বলা যাচ্ছেন। এভাবে লক্ষ্য লক্ষ্য বিনিয়োগকারীদেরকে শেষ করে ফেলা এবং দেশের এমন গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠান সকলের চোখের সামনে ধ্বংস করে দেওয়াও কি সম্ভব ?

মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মত মানুষও কি এমন নৃশংস ভাবে একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান এবং লক্ষ লক্ষ বিনিয়োগকারীদেরকে ধ্বংসের বিষয় মেনে নিতে পারেন? আমাদের শেষ আশ্রয় তাহলে কে? আপনার জন্য কি দীর্ঘ নয় মাস সময় প্রয়োজন ছিল, নাকি আরো সময় প্রয়োজন ? আপনি বরং আমাদেরকে গলাটিপে হত্যা করুন। পরিবার নিয়ে আমরা আর কোথাও দাঁড়াতে পারছি না। আমরা নিথর মৃত দেহের মত বসে আছি।

অর্থ উপদেষ্টা মার্কেট নিয়ে নিয়মিত মিডিয়ায় মিথ্যাচার করা যাচ্ছেন, বিভিন্ন তত্ত্ব কথা শুনিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, অথচ বুঝতে পারছেন না যে, মানুষ তাকেই নির্বোধ ভাবছে। বর্তমান কমিশনের চেয়ারম্যানকে নিয়ে অর্থ উপদেষ্টা স্টক মার্কেট কে একটি আতঙ্কের নাম হিসেবে স্থায়ী রূপ দিচ্ছেন। এই অর্থ উপদেষ্টার যখন বিচার হবে ততদিনে তো আমাদের সবই শেষ হয়ে যাবে।

মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তো ভালোই জানেন যে, মার্কেট প্রতিদিন যে পরিমাণে মূলধন হারাচ্ছে এত সহজে তা ফিরে আসবেনা। এত পরিমাণ বিনিয়োগও সহজে আসবেনা। আপনি তো পারতেন একাধিক নিরপেক্ষ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে মার্কেটের প্রকৃত তথ্য জানতে, যেমন ডিজিএফআই, এনএসআই ইত্যাদি। আমাদের কাছে সকল তথ্য থাকলেও আমরা নাইবা বললাম। একটু খোঁজ নিয়ে দেখেন আপনার সময়ে মার্কেটের নিম্ন বর্ণিত বিষয় গুলো কি অবস্থা দাঁড়িয়েছে !
১. গত ৯ মাসে মার্কেট কি পরিমান মূলধন হারিয়েছে?
২. গত ৯ মাসে মার্কেটের সূচকের কি পরিমান পতন হয়েছে।
৩. নয় মাস শেষে প্রতিদিনের মার্কেট টার্নওভার বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে?
৪. দীর্ঘদিন ধরে মার্কেটের ক্রমাগত পতনে দায়িত্বশীল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা কেন নেয়নি?
৫. দীর্ঘদিন ধরে ধ্বংস করে কোন আর্থিক প্রতিষ্ঠান এভাবে সংস্কার করা হয় কিনা?
৬. গত ৯ মাস সময়ে কতগুলো বিও একাউন্টে ফোর্স সেল হয়েছে?
৭. গত ৯ মাসে কি পরিমান বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে?
৮. গত ৯ মাসে কত সংখ্যক বিও একাউন্টে ট্রানজেকশন হয় নাই?
৯. বিগত নয় মাসে বিনিয়োগকারীদের পুঁজির কি অবস্থা দাঁড়িয়েছে?
১০. বর্তমান কমিশনের বাইরে বাংলাদেশে স্টক মার্কেট পরিচালানোর মত দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন আরো কেউ আছে কিনা?
১১. মার্কেটের আস্থার সংকট কাটানোর জন্য অতি দ্রুত কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে এবং পদক্ষেপ গুলো নিলে কোন সমস্যা আছে কিনা?

মাননীয় প্রধান উপদেষ্টা এই জাতি এবং লক্ষ লক্ষ বিনিয়োগকারী ও তাদের পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সুচিন্তিত কার্যকরী ও নিরপেক্ষ পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।

লেখাঃ এম.আই.টি এজে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬