Logo

এবি ব্যাংক পিএলসি-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মে, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কাইজার এ. চৌধুরী এবি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় তিনি নির্বাচিত হন।  বিশিষ্ট ব্যাংকার জনাব চৌধুরীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কাইজার এ. চৌধুরী ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৪ বছর তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। পরবর্তীতে তিনি সিইও হিসেবে ওয়ান ব্যাংকে ১৯৯৯ থেকে ২০০৪ এবং এবি ব্যাংকে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন। তিনি মেঘনা ব্যাংকের সিইও হিসেবেও কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি)-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

জনাব চৌধুরী প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর একজন স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসি-এর একজন পরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন।

একজন শিশু সাহিত্য অনুরাগী হিসেবে সাহিত্যের এ শাখায় তাঁর ৫০টি প্রকাশনা রয়েছে। ২০১৩ সালে শিশু সাহিত্যে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব চৌধুরী ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার ব্যাংকার যার বলিষ্ঠ নেতৃত্ব এবি ব্যাংকের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬