ভোল পালটে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী আমলের পুরোনো সিন্ডিকেট। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নভেম্বর মাস থেকে চক্রটি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে দাম কমলেও স্থানীয় ভোক্তাদের জিম্মি করে দেশের বাজারে দাম বাড়ানোর কৌশল পুরোনো।
গত সরকারের সময়ও তারা এই কাজ করেছে, এখনো করছে। অনেক সময় সরকারের নিয়ম তোয়াক্কা না করেই বাড়তি দর ধরে মূল্য নির্ধারণ করেছে। গত মার্চের আগ পর্যন্ত আমদানি পর্যায়ে নীতি সহায়তা নেওয়ার পরও সরবরাহ কমিয়ে চক্রটি প্রায়ই বাজার থেকে উধাও করেছে ভোজ্যতেল। এর মাধ্যমে তারা সরকারের ওপর এক ধরনের চাপ তৈরি করে। দাম বাড়ানোর একই কৌশল অব্যাহত।
সর্বশেষ লিটারে ১৪ টাকা বাড়ানোর পরও সেই সিন্ডিকেট আরও ৭ টাকা বাড়ানোর পাঁয়তারা করছে। কয়েকটি কোম্পানি মিলে এই সিন্ডিকেট গড়ে তুলেছে। দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের বক্তব্যও পুরোনো। আগের মতোই এখনো অন্যের কাঁধে দায় চাপাচ্ছে। ডলারের দাম বৃদ্ধি, ব্যাংক খাতের অস্থিরতাসহ নানা কারণে তারা আমদানিতে সুফল পাচ্ছে না। ফলে বিশ্ববাজারে দাম কমলেও দেশে এর সুফল মিলছে না।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।