সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক রপ্তানি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখে। Galistair – Infinite Aviation এর মাধ্যমে স্পেনের Zaragoza গন্তব্যে চালু হতে যাচ্ছে এই প্রথম পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক কার্গো রপ্তানি অপারেশন। এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য প্রেরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
ওসমানী রপ্তানি কার্গো কমপ্লেক্সের এই নতুন কার্যক্রম বাংলাদেশের রপ্তানি খাতে এক নতুন সম্ভাবনার সূচনা করেছে। বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প ইত্যাদি পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে করে রপ্তানিকারকদের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে এবং পণ্যের গুণগতমান বজায় রাখা সম্ভব হবে।
এই উদ্যোগের সফল বাস্তবায়নের পেছনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার নেতৃত্বেই RA3, ACC3 ও অন্যান্য আন্তর্জাতিক ভ্যালিডেশন কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে, যা এই রপ্তানি কার্যক্রম শুরুর পথ প্রশস্ত করেছে।
উল্লেখ্য যে, সিলেটে সফলভাবে কার্গো রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর পরবর্তী ধাপে এই সেবার আওতায় আনা হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও। এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানিকারকগণও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার লাভ করবেন।
এটি শুধুমাত্র একটি অঞ্চল বা একটি সংস্থার উন্নয়ন নয়, বরং সমগ্র বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্তিশালী উপস্থিতি গড়ে তোলার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ।