Logo

মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আ.লীগ-যুবলীগের হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি চুরির অভিযোগে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামের মানিক মিয়ার ছেলে আরশাদুল ইসলাম, রহিমের ছেলে আরিফুল, গরিব হোসেনের ছেলে কালা চাঁন ও আলম শাহকে ধরে ফেলেন এলাকাবাসী। এ ব্যাপারে ৮ জানুয়ারি বিচার দেওয়া হয় তাদের বাবা মায়ের কাছে। বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই লোকের বাড়িতে হামলার জন্য যান তারা। পরে স্থানীয় বাসিন্দারা তা জানতে পেরে তা সমাধানের জন্য শালিসের প্রস্তাব দেন। বিচারের জন্য পাক দেওড়া গ্রামের প্রবাসী সাইফ ভূঁইয়াকেও অনুরোধ করেন স্থানীয়রা।

এ ঘটনার কিছুদিন পর ২১ জানুয়ারি স্থানীয় বংকের বাড়ির মোড় দিয়ে যাওয়ার সময় সাইফ ভূঁইয়ার ওপর হামলা করে জখম করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ সময় আন্দিকুট ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মোল্লা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোক্তল মোল্লাসহ তার লোকজন অভিযুক্ত চোরের পক্ষ নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় সাইফ ভূঁইয়াকে উদ্ধার করতে গেলে এলাকার সাধারণ মানুষের ওপরও হামলা করে তারা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রত্না সরকার বলেন, এলাকার কোনো ঘরে শান্তিতে থাকা যায় না। তাদের ইভটিজিংয়ের কারণে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। তাদের কারণে স্থানীয়দের টিউবয়েল, গাছের নারিকেল কিছুই থাকে না। সব চুরি করে নিয়ে যায়। এসবের প্রতিবাদ করায় হামলা করেছে সাইফ ভূঁইয়া ভাইয়ের ওপর। আমরা তাদের বিচার চাই। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা হামলা করে উল্টো সাইফদের বিরুদ্ধে মামলাও করেছে। এটা জুলুম ছাড়া কিছু নয়।

সাইফ ভূঁইয়ার মা মিনা রহমান বলেন, চুরির প্রতিবাদ করায় আমার ছেলেকে হামলা করেছে। আমার ছেলে প্রবাস থেকে এসেই হামলার শিকার হলো। আমি আমার ছেলের ওপর হামলার বিচার চাই।

হাশেম বাহার নামের একজন বলেন, এলাকার ছেলেদের মাদকাসক্ত করছেন এই আওয়ামী লীগ নেতারা। তারা মাদক ব্যবসা করে। চুরি ডাকাতি করে। এলাকার কেউ নতুন বাড়ি কিনলে বা জায়গা কিনলে চাঁদাবাজি করে। তাদের জন্য এলাকার মানুষ অশান্তিতে আছে। আজ অপরাধের প্রতিবাদ করায় তারা হামলা করে সাইফসহ এলাকার বাসিন্দাদের জখম করেছে।

প্রবাসী সাইফ ভূঁইয়ার বাবা রেজাউর রহমান বলেন, আমার ছেলে প্রবাসী৷ দীর্ঘ ১৬ বছর আমরা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। অথচ ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে তারা কোনো উপায় পাচ্ছিল না। কদিন পালিয়ে থাকার পর তারা এলাকায় আবার আসে। তারা আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি শুরু করে। ২১ জানুয়ারি আমার ছেলের ওপর হামলা করে। আমার ছেলে এখনো হাসপাতালে বাঁচা মরার সন্ধিক্ষণে। আবার তারা আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছে। আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬