Logo

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর আজ (১৬ জানুয়ারি) কারামুক্ত হয়েছেন। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুর ২টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ বলেন, আদালতের রায়ের কপি আজ কারাগারে এসে পৌঁছানোর পর লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পান। তাকে বরণ করে নিতে বহু মানুষ সকাল থেকে কারাগারের সামনে জড়ো হয়েছে।

গত ১৪ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এদিন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬